
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমসের সিপাহী আবু রায়হান তালুকদারকে হত্যার ঘটনায় তার কেয়ারটেকার রাজু মির্জা ও জিতুল নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক তদন্তে চাঞ্চল্যকর ও নৃশংস হত্যাকাণ্ডের তথ্য উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ জুলাই কর্মস্থল ঢাকা থেকে বাড়িতে আসেন রায়হান তালুকদার। ওই রাতে তিনি ও তার কেয়ারটেকার রাজু একই কক্ষে ঘুমান। পরদিন ২৪ জুলাই পরিকল্পিতভাবে দুধের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে রায়হানকে খাওয়ানো হয় বলে পুলিশের দাবি।
পরে ঘুমন্ত অবস্থায় নিজ কক্ষে রায়হানকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। এরপর তার ঘরে থাকা চা-পাতি ও চাকু ব্যবহার করে মরদেহ কাঠের গুঁড়ির ওপর রেখে প্রায় ১৫ টুকরো করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডের সময় সন্দেহ এড়াতে ঘরে উচ্চ শব্দে গান বাজানো হয়।
পুলিশ আরও জানায়, গভীর রাতে রাজু ও জিতুল মরদেহের টুকরোগুলো তিনটি ট্রাভেল ব্যাগে ভরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে ফেলে রেখে যায়।
হত্যাকাণ্ডের পর রায়হানের এটিএম কার্ড ব্যবহার করে টাকা উত্তোলন করে একটি আইফোন কেনে রাজু। পরে পলাতক অবস্থায় ওই আইফোনও বিক্রি করে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শুভ্র সাহার নেতৃত্বে গত মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল উপজেলার রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে রাজু ও জিতুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য বিষয় এবং ঘটনার প্রকৃত কারণ আরও স্পষ্ট হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।